গুলবাগে ফ্ল্যাটের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর শাজাহানপুর থানাধীন গুলবাগ এলাকার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৮টার মধ্যে যে কোনো সময় চোর দরজা ভেঙে ঐ ফ্ল্যাট থেকে ৫ লক্ষাধিক নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করেছে।

ভুক্তভোগী গৃহকর্তা রুবাইয়াত হাসান দুর্জয় জানান, গুলবাগের ৩০১/এ নম্বর বাড়ির ছয়তলার ফ্ল্যাটটি গত অক্টোবর মাসে তারা স্বামী-স্ত্রী ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি একটি অনলাইন ব্যবসা পরিচালনা করেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীসহ তিনি অফিসে চলে যান। রাত পৌনে ১০টার দিকে বাসায় ফিরে দেখেন যে ফ্ল্যাটের দরজায় তালা নেই, হ্যাসবলের নাট-বল্টু খুলে ফেলা হয়েছে। বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। বাসার কম্পিউটার টেবিলের ড্রয়ার ভেঙে ৫ লাখ ৮০ হাজার টাকা ও আলমারি থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান পোশাক চুরি করেছে।

ঐ গৃহকর্তা আরো জানান, ঐ বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে চোর কারা-তা শনাক্ত করা যাবে। চুরির বিষয়টি শাজাহানপুর থানায় জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তিনি থানায় একটি মামলা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।