নেপালের কোচ হলেন হোয়াটমোর

বাংলাদেশ ক্রিকেটে ডেভ হোয়াটমোর যুগ শেষ হয়েছে সেই ১৩ বছর আগে। চার বছরে যা করেছেন তার  জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন অস্ট্রেলিয়ান কোচ। বাংলাদেশ ছেড়ে পাকিস্তান, জিম্বাবুয়ের দায়িত্ব পালন করার পর এবার নেপালের ভার নিয়েছেন তিনি। গত পরশু হেড কোচ হিসেবে নিযুক্ত করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতে অনুষ্ঠেয় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠতে পারেনি নেপাল। তবে পরের বছর ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে যে কোনো মূল্যে খেলতে চায় দেশটি। এখন সেই গুরুভার ৬৬ বছর বয়সি হোয়াটমোরের ওপর ছেড়ে দিয়েছে তারা। এক বিবৃতিতে নেপাল লেখে, ‘ডেভ নতুন চ্যালেঞ্জ নিতে খুব আগ্রহী। সে বেশ শক্তভাবেই বিশ্বাস করে, নেপালে অসাধারণ সব ট্যালেন্ট আছে এবং আন্তর্জাতিক ক্রিকেট তাদের ভবিষ্যত্ উজ্জ্বল।  তরুণ এই ক্রিকেটারদের নিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে ডেভ।’