অনুরাগ থিয়েটারের নতুন নাটক ‘অবজেকশন ওভাররুলড’ গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো। নাটকের কেন্দ্রীয় চরিত্র ইরানি তরুণী রেহানে জাবারি। প্রতিবাদী এই তরুণীর জীবনের ১৯ বছর থেকে ২৫ বছর পর্যন্ত ৬ বছরের বিষাদময় ঘটনা নিয়ে রচিত হয়েছে নাটকটি। এর রচনা ও নির্দেশনায় ছিলেন মাহবুব আলম।
ধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে ঘটনাচক্রে খুন হয়ে যায় ধর্ষক। খুনের কোনো প্রমাণ না পেলেও রেহানে জাবারিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বিচারক। মৃত্যুর আগমুহূর্তে রেহানে জাবারি তার মা শোলেহ পাকরাভানের কাছে হূদয়বিদারক সেই ঘটনাগুলো চিঠিতে লিখে যায়। রেহানের বিশ্বাস পরকালে তিনি নিশ্চয়ই সঠিক বিচার পাবেন। সেখানে সবাই থাকবে অপরাধীর কাঠগড়ায় আর তিনি থাকবেন নির্দোষ। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
নাটকটিতে অভিনয় করছেন শামছি আরা সায়েকা, হুমায়রা আনজুম আরিনা, সাহাদাত হোসেন সাহিদ, হামিদা আক্তার দোলা, উর্মি আক্তার, মেহমুদ সিদ্দিকী লেলিন, জাহিদ হাসান আশিক, ইসরাফিল হোসেন সোহান, সুলতানা আক্তার, রাজু আক্তার জনি, নিজাম নূর, মীর মিজানুর রহমান প্রমুখ।
একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয়েছে প্রাঙ্গণেমোর ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের যৌথ প্রযোজনার নাটক ‘মেজর’। এই নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনন্ত হিরা।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে শুরু হয়েছে স্পর্ধা প্রযোজিত নাটক ‘৪.৪৮মন্ত্রাস’ নাটকের ১৪ দিনের প্রদর্শনী। সারাহ কেইন রচিত এই নাটকটির অনুবাদ করেছেন যৌথভাবে শাহমান মৈশান ও শরীফ সিরাজ। নির্দেশনায় ছিলেন সৈয়দ জামিল আহমেদ।