ভাঙ্গুরায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়েছেন। অন্য স্থানে সড়ক দুর্ঘটনায় চিকিত্সক ও শিক্ষকসহ আরো পাঁচ জন নিহত হয়েছেন। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

ভাঙ্গুড়া (পাবনা) :শুক্রবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ফরিদপুর-ভেড়ামারা সড়কে ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়ার আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন (১৮) ও ইমন হোসেন (১২) এবং তাদের চাচাতো বোন ছুম্মা খাতুন(১২) এবং তাদের চাচি নূপুর খাতুন (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্নতে খতনার দাওয়াতে একই পরিবারের পাঁচ জন ইজিবাইকে উপজেলার হাটগ্রামে যাওয়ার পথে ভেড়ামাড়া টিকটিকি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত নূপুর খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় চরভাঙ্গুড়া পুর্বপাড়ার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

হবিগঞ্জ :হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে পিকআপ, অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিত্সকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দীপঙ্কর পোদ্দার ও ময়মনসিংহ জেলার গফরগাঁও সদরের স্কুলশিক্ষক জুলহাস উদ্দিন। পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি পিকআপের সঙ্গে হবিগঞ্জ শহর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের কলিমনগর নামক স্থানে ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন নিহত ও  চার জন আহত হন।

খুলনা ও তেরখাদা :খুলনায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম হোসেন (৩৫) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে  তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক। গুরুতর আহত কাসেদ মোল্লা খুমেক হাসপাতালে চিকিত্সাধীন।

ব্রাহ্মণবাড়িয়া :জেলাশহরে বালুবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় মিলন মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে চা-স্টলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

টেকেরহাট (মাদারীপুর) : রাজৈরে ট্রাকের ধাক্কায় এমারত শেখ (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে ।