মান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে হেলমেট বাহিনী

মান্দায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে উপর্যুপরি ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে হাত-পা ভেঙে গুরুতর জখম করে প্রায় ৫ লাখ টাকা ছিনতাই করেছে কথিত হেলমেট বাহিনী। গতকাল শুক্রবার বিকালে উপজেলার সতীহাট বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত কাজী কামরুজ্জামান উপজেলার গনেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং স্থানীয় জিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট ধান ব্যবসায়ী।

আহত কামরুজ্জামানের স্ত্রী আসমা জানান, শুক্রবার বিকালে বাড়ি থেকে ব্যাবসায়িক কাজে সতীহাটে আসার পথে ডক্টর ক্লিনিকের সামনে রাস্তায় গনেশপুর গ্রামের সাবেক বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম চান্দু এবং কাজী রুহুল আমিন রকেটের নেতৃত্বে ১০/১৫ জনের বাহিনী তাকে চাকু, রামদা এবং লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে হাত-পা ভেঙে দেয় এবং হাতের ব্যাগে থাকা ৪ লাখ টাকা, প্যান্টের পকেট থেকে ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল            ফোনসেট ছিনিয়ে নেয়। পরে সতীহাট বাজারের লোকজনের সহযোগিতায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, গুরুতর আহত কাজী কামরুজ্জামানের চিকিত্সার খোঁজখবর নিয়েছি। আসামিদের ধরার চেষ্টা চলছে।