ভারত ও চীনের মধ্যে গতকাল শুক্রবার অনুষ্ঠিত কূটনৈতিক আলোচনায় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) লাদাখ সেক্টরের অচলাবস্থা নিরসনের ইঙ্গিত মেলেনি। হিন্দুস্তান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, দুই মাসের বেশি সময় বিরতির পর অনুষ্ঠিত দুই দেশের মধ্যে আলোচনায় কোনো সাফল্যের আভাস নেই। ওয়ার্কিং ম্যাকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের (ডব্লিউএমসিসি) ভার্চুয়াল বৈঠকে ভারতের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) নবীন শ্রীবাস্তব এবং চীনের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত বিভাগের মহাপরিচালক হং লিয়াং সভাপতিত্ব করেন।
এ বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এলএসির পরিস্থিতির উন্নতি পর্যালোচনা হয়েছে। দুই পক্ষই দ্রুততম সময়ে সেনাদের সরাতে কাজ চালিয়ে যেতে একমত হয়েছে। দুই পক্ষই মনে করে যে, সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের মধ্যে অনুষ্ঠিত সপ্তম ও অষ্টম পর্বের আলোচনায় বিস্তারিত আলোচনা হয়েছে যা স্থিতিশীলতা নিশ্চিতে অবদান রেখেছে। দুই পক্ষই কূটনৈতিক ও সামরিক পর্যায়ে পরামর্শসভা চালিয়ে যেতে একমত হয়েছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। দ্রুততম সময়ে সেনা কমান্ডারদের ৯ ধাপের বৈঠক করতে একমত হয়েছে।