অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন নীতি প্রণয়ন করতে হবে। বাংলাদেশের উন্নয়নে এ শ্রমিকদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের প্রাপ্য অধিকারগুলো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের কার্যকর অভিবাসন কূটনীতি প্রণয়ন করা, দেশমাতৃকার উন্নয়নে ঐ শ্রমিকদের ঘাম-ঝরানো অর্থের যথোপযুক্ত স্বীকৃতি ও সম্মান দেওয়া এবং স্বদেশের উন্নয়নে তারা যেন আরো বেশি ভূমিকা রাখতে পারে তা নিশ্চিত করতে হবে।
গতকাল শুক্রবার সকালে ব্রি-গাজীপুর এ আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এই আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, সেই সত্তরের দশক থেকে এ পর্যন্ত বিশ্বের ১৭৩টি দেশে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ২০ লাখ শ্রমিক গেছেন। বিশ্বে প্রতি সাত জনে একজন ব্যক্তি অভিবাসী। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত বিপর্যয় অভিবাসনকে প্রভাবিত করছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে অভ্যন্তরীণ অভিবাসন বাড়ায় মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে অভ্যন্তরীণ অভিবাসনের প্রধান কারণ।
কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মজিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মো. মামুন হেসেন, গোলাম ছরোয়ার প্রমুখ। সমাবেশ থেকে ভারতে চলমান কৃষকদের প্রতিবাদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।