এ বছর বিদেশ পাড়ি দিতে গিয়ে ৩১৭৪ জনের মৃত্যু -আইওএম

করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশ পাড়ি জমাতে গিয়ে অভিবাসীর মৃত্যুর সংখ্যা কমেছে। কিন্তু তারপরও অন্তত ৩ হাজার ১৭৪ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ‘মিসিং মাইগ্র্যান্টস’ প্রকল্পের আওতায় মৃতের এই সংখ্যা রেকর্ড করা হয়েছে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৫ হাজার ৩৭৭ জন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার আইওএমর এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

আইওএম বলছে, গত বছরের তুলনায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা কমেছে, বিষয়টি এমন নয়। করোনা পরিস্থিতির কারণে তথ্য সংগ্রহে জটিলতা বেশি ছিল এ বছর। সব রুট সব সময় পর্যবেক্ষণ করাও কঠিন ছিল। এ বছর এখন পর্যন্ত ইউরোপের অভ্যন্তরীণ রুটে এবং ইউরোপের পথে মারা গেছেন ১ হাজার ৭৭৩ জন।  ‘মিসিং মাইগ্র্যান্টস’ প্রকল্প এ বছর অন্তত ১৪টি ‘অজ্ঞাত’ জাহাজডুবির খবর নিয়েছে, যেখানে প্রায় ৬০০ জনের প্রাণহানি হয়েছে। তবে এ বছরের রেকর্ডে এই সংখ্যা যোগ করা হয়নি।

আইওএম অভিবাসীদের জন্য করোনা মহামারিসহ বেশ কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেছে, করোনায় ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও হতাশাজনক পরিস্থিতিতে হাজার হাজার মানুষ নিজের দেশ ছেড়ে মরুভূমি, জঙ্গল ও সমুদ্র পেরিয়ে বিপজ্জনক ভ্রমণ অব্যাহত রেখেছে।