থাইল্যান্ডে রাজার অবমাননা আইন সংশোধনের আহ্বান জাতিসংঘের

থাইল্যান্ডে রাজার অবমাননা আইন সংশোধনের দাবি জানিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার এই বিশ্ব সংস্থার মানবাধিকার কমিশন থেকে এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। দেশটিতে সরকারের পদত্যাগ ও রাজার ক্ষমতা হ্রাসের দাবিতে বিক্ষোভ চলছে। খবর রয়টার্সের

বিক্ষোভে রাজাকে অবমাননা করায় ৩৫ বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহেই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সামদাসানি জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, আমরা সরকারকে এই ধরনের আইনের পুনর্ব্যবহার বন্ধ করার আহ্বান জানাচ্ছি। এই ধরনের আইন মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং বিক্ষোভের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। এই আইনে রাজাকে বিদ্রুপ করায় তিন থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। থাইল্যান্ডের সরকার জাতিসংঘের এই বিবৃতি নিয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা এই প্রথম এ ধরনের বিবৃতি পর্যালোচনা করে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত জুলাইয়ে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঁচার পদত্যাগ ও রাজা মহা ভাজিরালংকর্ণের ক্ষমতা হ্রাসের দাবিতে বিক্ষোভ শুরু হয় যা এখনো চলমান।