গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সাত জন এবং খাগড়াছড়ির মানিকছড়িতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৮ম শ্রেণির ছাত্র, পটুয়াখালীর গলাচিপায় ধর্ষণের অভিযোগে যুবক, সাতক্ষীরার তালায় শিশু ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনক এবং চাঁদপুরের হাজীগঞ্জে শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তরগাঁও এলাকায় প্রবাসীর স্ত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—উপজেলার তরগাঁও পূর্বপাড়া গ্রামের রোমান বেপারী, তরগাঁও এলাকার মো. জুবায়ের বেপারী, একই এলাকার মো. মোরসালিন সরদার, মো. সাহাবুল হোসেন সাকিব, তরগাঁও বোয়ালেরটেক এলাকার মাসুম শেখ, রাকিব হোসেন ও মাহফুজুল। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত উপজেলার চর খামের গ্রামের সাখাওয়াত হোসেন পালিয়ে গেছে।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, এক সন্তানের জননী ঐ প্রবাসীর স্ত্রী নরসিংদী জেলার মনোহরদী এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করেন। গত ১৬ ডিসেম্বর তিনি কাপাসিয়ার তরগাঁও এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসলে পরদিন একই এলাকার সাখাওয়াত হোসেন উক্ত গৃহবধূকে কৌশলে ডেকে নিয়ে যায় এবং অন্যদের সহযোগিতায় সাখাওয়াতসহ চার জন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আসামিরা গৃহবধূকে আটকে রেখে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ঐ গৃহবধূর মা বাদী হয়ে কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চাঁদাবাজি ও চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলার মানিকছড়ি উপজেলার গোরখানায় শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৮) ধর্ষিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মো. নয়ন হোসেন (১৫) ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এক পর্যায়ে শিশুটির আত্মচিত্কারে লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ নয়নকে আটক করে।
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, গলাচিপায় বৃহস্পতিবার রাতে এক যুবতিকে ধর্ষণের অভিযোগে বশির মীর (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বশির উপজেলার পূর্ব আটখালী গ্রামের মৃত খোরশেদ মীরের ছেলে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, উপজেলার প্রসাদপুর গ্রামে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনক মিন্টু গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে এবং শিশুটির চিত্কারে স্থানীয়রা মিন্টুকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষককে গ্রেফতার করে।
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, পৌরসভাধীন মকিমাবাদ গ্রামে বৃহস্পতিবার অসুস্থ মায়ের জন্য নাস্তা আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। নাস্তা নিয়ে ফেরার পথে মাসুদ মিজি (৫৫) নামের একজন শিশুটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করে মাসুদ মিয়া। পরে শিশুটি কাঁদতে কাঁদতে তার ঘর থেকে বের হয়ে আসলে মাসুদকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।