গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হ্যাকিং সত্ত্বেও নিশ্চুপ ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাইবার হামলার ‘মারাত্মক ঝুঁকিতে’ আছে বলে সর্তক করেছেন মার্কিন কর্মকর্তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া গেছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়, এসব হামলা প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জি। এক বিবৃতিতে সিআইএসএ জানায়, ২০২০ সালের মার্চ থেকে সরকারি প্রতিষ্ঠান, জটিল অবকাঠামো ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘অ্যাডভান্সড পার্সিসটেন্ট সাইবার হামলা’ চালানোর চেষ্টা করা হচ্ছে। সিআইএসএ সাইবার হামলায় জড়িতদের নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে রাশিয়া এই হামলার জন্য দায়ী। তবে রাশিয়া হামলার কথা অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চুপ। বুধবার হোয়াইট হাউজে তিনি এ বিষয়ে বৈঠক করলেও প্রতিরক্ষা, পররাষ্ট্র, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থার প্রধানরা অনুপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাইবার হামলা নিয়ে কোনো মন্তব্যই করেননি বলে জানিয়েছে সিএনএন।