তুরস্কে কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ডে আট রোগীর মৃত্যু

রয়টার্স

তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে একটি ব্যক্তি মালিকানাধীন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) আগুন লেগে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শনিবার গাজিয়ান্তেপ গভর্নরের কার্যালয় থেকে এ খবর জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়, একটি অক্সিজেন ভেন্টিলেটর বিস্ফোরিত হয়ে পুরো ইউনিটে আগুন ধরে যায়। সেখানে মোট ১৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে আট জন মারা গেছেন। বাকি ১১ জনকে কাছের কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, তুরস্কে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন। দেশটিতে এখনো দুই লক্ষাধিক করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন।