ব্রাদার্সকে কারণ দর্শানোর নোটিশ

আজই সিদ্ধান্ত 

স্পোর্টস রিপোর্টার

ফুটবল খেলোয়াড় দলবদলের সময় শুরু হয় ১ নভেম্বর। দেড় মাস সময় বেঁধে দিয়ে ১৫ ডিসেম্বর ছিল শেষ দিন। ১৩ দলের মধ্যে ১২ দল খেলোয়াড় রেজিস্ট্রেশন করলেও একমাত্র ব্রাদার্স ইউনিয়ন সেটা না করে দুই দিন পর জমা দিয়েছে। পেশাদার ফুটবল দলবদল নিয়মের সম্পূর্ণ পরিপন্থি। আর এ কারণে ব্রাদার্সকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে লিগ কমিটি। বাফুফে হতে বলা হয়েছে আজ রবিবার দুপুর ১২টার মধ্যে ব্রাদার্সকে লিখিত জবাব দিতে। এরপর সেটি যাবে প্লেয়ারর্স স্ট্যাটাস কমিটিতে।  আজই সিদ্ধান্ত হয়ে যাবে। জবাব গ্রহণযোগ্য না হলে ব্রাদার্সকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

 ব্রাদার্সের সাংগঠনিক দুর্বলতার চিত্র শুধু দলবদলেই ফুটে উঠেনি। তারা ফেডারেশন কাপ ফুটবলে অংশগ্রহণ করার ফরমও পূরণ করেনি। বাফুফে হতে বলা হলেও করেনি।  খেলোয়াড় রেজিস্ট্রেশনের নিময়টা সবাইকে মানতে হয়। এটি ফিফা হতেই নির্দেশ দেওয়া আছে। যে কারণে প্রবল সংকটে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মতো দলও ভুল করেনি।

দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে ৭৫ সালে প্রথম বিভাগে উঠেছিল নবাগত ব্রাদার্স। উঠেই প্রথম ম্যাচে লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে হারায়। সেবার প্রীতি ম্যাচে হারায় মোহামেডানকে। সেই শক্তিশালী দলটি এখন নেতৃত্বে সংকটে ভুগছে। ক্লাব টেন্টে গিয়ে দেখা গেল শোকজ পেয়ে তত্পর হয়ে ওঠেছে ব্রাদার্স।

জানা গেছে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহম্মেদ ইমতিয়াজ মান্নাফীকে ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আনা হচ্ছে গত মৌসুমে কাজ করা ইরানি বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পার্কাসকে।  মহিউদ্দিন মহি জানিয়েছেন, অর্থ সংগ্রহ হয়েছে। বলেন, ‘সভাপতি ব্যস্ততার কারণে সমস্যা হয়েছিল, এখন সব ঠিকঠাক আছে।’