সালাহউদ্দিন এনায়েত আসলামদের মতো ফুটবলার খুঁজবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

সালাহউদ্দিন, এনায়েত, আসলাম, ওয়াসিম, চুন্নু, মোনেম মুন্না, সাব্বির, কায়সার হামিদদের মতো বাংলার ফুটবল আকাশে যারা উজ্জ্বল নক্ষত্র হয়েছেন তাদের মতো খেলোয়াড় খুঁজবে বাফুফে। দেশের আট বিভাগে শাখা অফিস খুলছে বাফুফে। সেখানে শুধু ফুটবল উন্নয়নের জন্য প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক।

এই ডিসেম্বরে বাফুফের তালিকাভুক্ত কোচদের মেয়াদ শেষ হবে। ১৯ কোচ বাফুফের তালিকায়। বাফুফে এই কোচদের দেশের বিভিন্ন স্থানে পাঠাতো। কোচ গিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ দিয়ে ফিরে আসত। কোচদের দায়িত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কেউ কাজ করতে করতে জীবন দিয়ে ফেলছেন। আবার কেউ নামকাওয়াস্তে কাজ করেই বেতন ভোগ করে গেছেন। নানা সমালোচনা ছিল। এসব সমালোচনা হতে সরে আসতে চায় বাফুফে। নতুন বছরের জন্য কোচ নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বর্তমান তালিকা হতে কোনো কোচ পুনরায় নিয়োগ পাবেন। আবার কেউ বাদও পড়তে পারেন। বাফুফে নতুন কোচ নিয়োগের ব্যাপারে কাজ করছে বলে জানা গেছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে তাদেরকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। যেখানে পাঠানো হবে সেখানেই কাজ করতে হবে। এব্যাপারে বাফুফে কঠোর অবস্থান নেবে। প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় বাছাই করে ঢাকায় জানিয়ে দেবেন কোচরা। আর কোচদের সকল প্রক্রিয়া পরিচালিত হবে ঢাকায় বাফুফে ভবন হতে। একারণেই বিভাগীয় শহরে বাফুফে শাখা অফিস স্থাপনের দিকে নজর দিতে চায়।