বাংলাদেশসহ ১৭ দেশের নাম নেই

নারী ফুটবল র্যাংকিং

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে ফিফায় নারী ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশসহ ১৭ দেশের নাম নেই। ফিফার বর্তমান র্যাংকিংয়ে এমন চিত্র দেখা গেছে। গত আগস্টে ফিফার র্যাংকিংয়ে ১৫৯ দেশের নাম ছিল। সেখানে বাংলাদেশ ছিল ১৩৪ নম্বরে। ১৮ ডিসেম্বর ফিফা যে তালিকাটি প্রকাশ করে সেখানে ১৪২ দেশের নাম উল্লেখ থাকলেও বাংলাদেশসহ ১৭ দেশের নাম ঝরে পড়েছে।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন এক কথায় বলেছেন,‘আন্তর্জাতিক ম্যাচ না খেললে র্যাংকিংয়েও নাম থাকবে না। তিনি বলেন, ‘১৮ মাস ধরে আন্তর্জাতিক ম্যাচ হতে দূরে বাংলাদেশ। আন্তর্জাতিক খেলার ব্যাপারটি চূড়ান্ত হলেও করোনার কারণে খেলা হয়নি। ১৮ মাস আগে আন্তর্জাতিক ফুটবল সাফে খেলেছিল বাংলাদেশ।’

নারী ফুটবলের নতুন র্যাংকিংয়ে এখন ১৪২ দেশের নাম রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ১, জার্মানি ২, ফ্রান্স ৩, ব্রাজিল ৮, আর্জেন্টিনা ৩১ নম্বরে রয়েছে। সাফ অঞ্চলে ভারত ৫৩, নেপাল ৯২, শ্রীলঙ্কা ১২৭, মালদ্বীপ ১২৮ নম্বরে রয়েছে।