ইংলিশ প্রিমিয়ার লিগে তিন বদলি বহাল

ক্ষিপ্ত কোচেরা

 স্পোর্টস ডেস্ক

তৃতীয় বারের মতো ব্যর্থ হলো ম্যাচে পাঁচ বদলি নামানোর পরিকল্পনা, বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর শেয়ারহোল্ডারের ভোটাভোটিতে সর্বোচ্চ তিন বদলিই বহাল রাখার সিদ্ধান্ত আসে। এই মৌসুমে ইউরোপের একমাত্র লিগ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগই এখনো পর্যন্ত তিন বদলি নীতি বহাল রেখেছে। পাঁচ বদলিকে সময়ের ‘প্রয়োজন’ দাবি করা লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপসহ একাধিক ক্লাবের ম্যানেজার এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। 

কোভিড-১৯ মহামারির কারণে এমনিতেই বেশ ছোট হয়ে গিয়েছে এই মৌসুম। প্রতি সপ্তাহে অন্তত দুই বার মাঠে নামতে হচ্ছে বড়গুলোকে। এই অতিরিক্ত চাপ নিতে গিয়ে হরহামেশা চোটের শিকার হচ্ছেন ফুটবলাররা। প্রতি ম্যাচে বদলির সংখ্যাটা একটু বাড়লে হয়তো প্রতি ক্লাবের ইনজুরির তালিকাটাও একটু ছোট হতো। সেই মর্মেই তৃতীয়বারের মতো শেয়ারহোল্ডারের বৈঠকে পাঁচ বদলির প্রসঙ্গ তুলে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এই প্রসঙ্গে কোনো পালটা বক্তব্য না রেখেই বিরুদ্ধে ভোট দেয় ১০টি ক্লাব। ১৪টি ক্লাবের হ্যাঁ ভোট পেলে তবেই কেবল পাশ হতো পাঁচ বদলির পরিকল্পনা।

তিন বদলি বহাল থাকায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও বিরক্ত ক্লপ, ‘এটা কোনো বাড়তি সুবিধা পাওয়ার বিষয় না। প্লেয়াররা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রশ্ন এটি। কিন্তু এখানেও ১০টি ক্লাব বিরুদ্ধে ভোট দিয়েছে।’ ক্লপের মতো আর্সেনাল ম্যানেজার মিকেল আরতেতাও মনে করছেন, প্লেয়ারদের কল্যাণের প্রশ্ন এটি।