দলের লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক

গেলবারের সাফল্যটা ধরে রাখা যে কঠিন হবে ভারতের তার আন্দাজ মিলছিল ওয়ানডে সিরিজ থেকেই। কিন্তু প্রথম ম্যাচটা যে ঢংয়ে হারল ভারত, তাতে পরবর্তী তিন ম্যাচে কী হবে তা নিয়েও জেগেছে সংশয়। অধিনায়ক বিরাট কোহলি তাতে প্রশ্ন তুলেছেন দলের লক্ষ্য নিয়েই!

গতকাল শনিবার সকালে ভারত খেলল ওভার বিশেক, তুলল ২৭ রান; তাতেই দলের আট উইকেট হাওয়া! পরে ভারতের দেওয়া ৯০ রানের মামুলি লক্ষ্য তুড়িতেই পার করে অজিরা, সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

অধিনায়ক কোহলির প্রতিক্রিয়ায় বেদনার সঙ্গে মিশে রইল কিছুটা ঝাঁজও। বললেন, ‘এটা অবশ্যই বেদনাদায়ক। আমরা সম্ভবত খুব একটা লক্ষ্য নিয়ে এগোতে পারিনি আজ।’

তিনি আরো যোগ করেন, ‘এ অনুভূতিকে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা যখন ব্যাট করতে নামি, তখন ৬০ রানের একটা লিড ছিল। তারপর দুমড়েমুচড়ে গেলাম। তাতে দুই দিনের ভালো ক্রিকেট এক ঘণ্টার ব্যবধানে হাওয়ায় মিলিয়ে গেল।’