প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুযোগ বিডিজবস ডটকমে

বিডিজবস ডটকম তাদের ওয়েবসাইটটি প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের জন্য সহজে ব্যবহারযোগ্য করার জন্য সম্প্র্রতি চালু করেছে ‘আইটুআই ক্যারিয়ার অ্যাডভাইজার’। বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। বিশেষ এই সুবিধা চালু করতে বিডিজবস ডটকমকে এই কাজে সহায়তা করছে নিয়োগদাতাদের সংগঠন বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), আন্তর্জাতিক সংস্থা লিওনার্ড চেশায়ার, সিএসআইডি এবং সিডিডি। প্রতিবন্ধী ব্যক্তিরা এই প্ল্যাটফরমে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই তাদের যোগ্যতা যাচাই করতে এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণসংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। অন্যদিকে নিয়োগদাতারা তাদের প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী কর্মীদের জন্য সহায়ক হিসাবে আলাদাভাবে উপস্থাপন করতে পারবেন, প্রতিবন্ধী কর্মীদের জন্য চাকরির বিজ্ঞাপন দিতে পারবেন এবং খুব সহজে আবেদনপত্র যাচাইবাছাই করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা প্রতিবন্ধী সংসদের সভাপতি নাসিমা আক্তার, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, মাইক্রোসফট বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সম্পাদক ফারুক আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আশরাফি আহমেদ এবং লিওনার্ড চেশায়ার, সিএসআইডি, সিডিডি এবং এফসিডিওর প্রতিনিধিবৃন্দ।—প্রেস বিজ্ঞপ্তি