তিন মার্চেন্ট ব্যাংককে সতর্ক করল বিএসইসি

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে নতুন কোম্পানির শেয়ার আনতে কোনো ভূমিকা রাখতে না পারায় তিন মার্চেন্ট ব্যাংককে সতর্ক করল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্চেন্ট ব্যাংকগুলো হলো—বেঙ্গল ইনভেস্টমেন্ট, এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট এবং পিএলএফএফ ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানি। গত দুই বছরে একটি কোম্পানিরও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেকটাস জমা দিতে পারেনি প্রতিষ্ঠানগুলো। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার) রুলস, ১৯৯৬ অনুযায়ী, অনুমোদন পাক বা না পাক মার্চেন্ট ব্যাংকগুলোকে দুই বছরে অন্তত একটি আইপিও ইস্যু জমা দিতে হয়; কিন্তু তা করতে ব্যর্থ হওয়ায় মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে ব্যাখ্যা চায় বিএসইসি। ব্যাখ্যা সন্তোষজনক মনে না হওয়ায় সতর্ক করা হয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোকে। বর্তমানে পুঁজিবাজারে ৬৩টি মার্চেন্ট ব্যাংকের কাজ করছে; কিন্তু বছরে পুঁজিবাজারে নতুন কোম্পানি সেভাবে আসছে না। এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট সবশেষ ২০১০ সালে একটি ইস্যু এনেছিল। বেঙ্গল ইনভেস্টমেন্ট আনে ২০১২ সালে। আর পিএলএফএস ইনভেস্টমেন্ট আনে বছর তিনেক আগে।