খুলনার বড় বাজার
এনামুল হক, খুলনা অফিস
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র খুলনা মহানগরীর ‘বড় বাজার’। প্রায় ২০০ বছরের প্রাচীন এই বাজারটি। এই বাজারে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোটি কোটি টাকার পণ্যসামগ্রী বেচাকেনা হয়। মূলত বড় বাজারে পাইকারি কেনাবেচাই হয় বেশি।
খোঁজ নিয়ে জানা যায়, ১৮৪২ সালে খুলনা মহকুমা তৈরি হয়। তার অনেক আগে থেকেই এ বাজারের গোড়াপত্তন। নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের পাড় ঘেঁষে ওয়েস্ট মেকড রোড, ভৈরব স্ট্র্যান্ড রোড, হেলাতলা রোড, কালীবাড়ী রোড, কেডি ঘোষ ও স্যার ইকবাল রোডের একাংশ ও রেল স্টেশনসংলগ্ন কদমতলা এলাকা নিয়ে বড় বাজারের বিস্তৃতি ঘটেছে। আজ থেকে ২০ বছর আগেও এ অঞ্চলের নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্য ৭৫ থেকে ৮০ শতাংশই ছিল এ বাজারের দখলে। তবে সেই অবস্থা এখন আর নেই। বর্তমানে ৩ হাজার ৬৫০টি লাইসেন্সকৃত ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান আছে এই বাজারে।
বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মুনীর আহমেদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী, খুলনা ধান-চাল বণিক সমিতির সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. মুনীর আহমেদ বলেন, বর্তমানে বড় বাজারের ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা ভালো না। করোনার আগে বড় বাজারে প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ২৫ কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হতো। করোনার কারণে বর্তমানে সেই ব্যবসা অর্ধেকে নেমে এসেছে।
তিনি বলেন, সরু রাস্তার কারণে বড় বাজারে মানুষের চলাফেরায় খুব অসুবিধা। ভৈরব স্ট্র্যান্ড রোড নদীতে ভেঙে গেছে। ওয়েস্ট মেকড রোড খুবই সরু। কদমতলা থেকে মহেন্দ্রদাশের মোড় পর্যন্ত খুব খারাপ অবস্থা। দ্রুত এ সব সড়ক সংস্কার করা জরুরি।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রেড লাইসেন্স শাখার সহকারী সুপারিনটেনডেন্ট শেখ হুমায়ুন কবীর বলেন, বড় বাজারে ৩ হাজার ৬৫০টি লাইসেন্সকৃত ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান আছে। গত অর্থবছরে (২০১৯-২০) ট্রেড লাইসেন্সের মাধ্যমে খুলনা সিটি করপোরেশন নগরী থেকে ৫ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৬৬১ টাকা আয় করেছে। তবে ট্রেড লাইসেন্সের মাধ্যমে বড় বাজার থেকে কত টাকা আয় হয়েছে আলাদাভাবে সে হিসাব কেসিসির কাছে নেই। কেসিসির বাজার সুপার মো. সেলিমুর রহমান বলেন, গত অর্থবছরে বড় বাজারের ফুটপাতের দোকানপাট থেকে ১৮ লাখ ২৮ হাজার ৪০৬ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি বলেন, বড় বাজারের রাস্তাঘাট সংস্কার, লাইট, কনভারজেন্সিসহ সব নাগরিক সেবা কেসিসি দিয়ে থাকলেও বড় বড় কর-খাজনা নেয় বিআইডব্লিউটিএ, জেলা পরিষদ, জেলা প্রশাসন, রোড অ্যান্ড হাইওয়েজ (সওজ), রেলের কানুনগো এসব সংস্থা। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী বলেন, আপাতত বড় বাজার উন্নয়নে কোনো প্রকল্প নেই।
কেসিসির স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, বড় বাজারের ওয়েস্ট মেকড রোডটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। ২০১০ সালে এই সড়কটির দুই পাশে চার ফুট চওড়া করা হয়। বর্তমানে ওয়েস্ট মেকড রোডসহ বড় বাজারের সংস্কার করতে গেলে বহু ছোট-বড় দোকানপাট উচ্ছেদ করতে হবে। এতে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এই বাজারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্য। তাই বাজারটির সংস্কার করার চেয়ে আমরা বাজারটির ঐতিহ্য ধরে রাখতে চাই।