তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসে আন্তঃজেলা গ্রিলকাটা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার আসমানিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। রাতে অভিযান চালিয়ে চুরিকৃত টাকা ও মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আসমানিয়া বাজারের নিউ অপূর্ব টেলিকম সেন্টারের মালিক মো. দুলাল আহম্মেদ জানান, শুক্রবার দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে জানতে পারি দোকানে চুরি হয়েছে এবং চোরকে আটক করা হয়েছে। চোরদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন স্থানীয় লোকজন উদ্ধার করে আমাকে দেয়।
তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, গত কয়েক দিনে বিভিন্ন বাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এটি তার মধ্যে একটি। আটককৃতরা চুরির সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে। মালামাল উদ্ধার করা হয়েছে।