ভেদরগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সখিপুর থানার চরভাগা বঙ্গবন্ধু স্কুলের রাস্তার পাশে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ বলেন, নবজাতকটি সম্ভবত আজই ভূমিষ্ট হয়েছে। তার শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে, সে অনুযায়ী চিকিত্সা দেওয়া হচ্ছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এ বি এম রশিদুল বারী জানান, শিশুটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, যেহেতু এই নবজাতকের কোনো অভিভাবক নেই, তাই সমাজসেবা অফিসের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।