শাহজাদপুরে মদপানে অসুস্থ হয়ে এক জনের মৃত্যু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শাহজাদপুরে মদপানে চার জন অসুস্থ হয়েছে। এদের মধ্যে রুবেল নামের এক জন মারা গেছে। গত শুক্রবার রাতে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অসুস্থ তিন জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. রাকিব হাসান জানান, গত শুক্রবার রাতে উপজেলা পৌর এলাকার শক্তিপুর গ্রামের রুবেল, মোক্তার, সম্রাট ও আল-আমিন মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। রুবেলকে রাত ২টায় উপজেলার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে অসুস্থ মোক্তার, সম্রাট ও আল-আমিনকে শনিবার সকালে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে মোক্তারের অবস্থা সংকটাপন্ন।