সৈয়দপুরে আওয়ামী লীগ-বিএনপি-জাপার মেয়র প্রার্থী চূড়ান্ত

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় মেয়র পদে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। শুক্রবার রাতে উভয় দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলেও প্রয়াত শ্রমিক নেতা ও সাবেক মেয়র আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আকতার জাহানকে দলটির কেন্দ্রীয় বোর্ড মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। অন্যদিকে বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মো. আমজাদ হোসেন সরকার মনোনীত হয়েছেন।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক জাতীয় পার্টির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আহসান আদেলুর রহমান।