টঙ্গী-ভৈরব সড়কপথে করমতলা বাসস্ট্যান্ড থেকে মাজুখান পদ-হারবাইদ সংযোগ সড়কের শহিদ মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন ক্লাব পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা রয়েছে। এ রাস্তায় হাজার হাজার মানুষ চলাচল করে। মাজুখান, করমতলা, কামারগাঁওয়ে ৪০-৫০টি কারখানা রয়েছে। সকাল-সন্ধ্যায় দলবেঁধে আসা-যাওয়া করেন শ্রমিক-কর্মচারী। জনগুরুত্বপূর্ণ হওয়ার পরও রাস্তাটি অবহেলিত। ২৫ বছর আগের ইটের সলিং উঠে খানা-খন্দকে ভরে গেছে। করমতলা ও পদ-হারবাইদ সংযোগ স্থলে বর্ষার পানিতে প্রতি বছর দুই পাশের মাটি সরে রাস্তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। রাস্তাটি পুনঃনির্মাণ করে যুদ্ধাহত অন্ধ বীর মুক্তিযোদ্ধা আলহাজ খোরশেদ আলমের নামে নামকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জিয়াউল হক সরকার
পূবাইল, গাজীপুর