চালকের আসন থেকে লজ্জার হার! তাও মোটে এক ঘণ্টার ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারীদের হার ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ভারতের এক ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড। মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ভারতের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে বিরাট কোহলির দল। দিনের শুরুটা অবশ্য তেমন কিছুর আভাস দিচ্ছিল না আদৌ। প্যাট কামিন্স ও জশ হেইজেলউড বেশ নিয়ম মেনেই মাপা লেন্থে বল করে যাচ্ছিলেন। তাদের এই নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলও আসে দ্রুত। দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে জশপ্রিত বুমরাহর উইকেট নিয়ে অজিদের উত্সবের শুরু হয়। এরপর কোহলি, চেতেশ্বর পুজারাদের আসা যাওয়ার মিছিলে পানি পানের বিরতিতে ভারতের স্কোর দাঁড়ায় ২৬-৬! ভারতের হারটা ততক্ষণে একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল লজ্জা থেকে বাঁচার।
বিরতির পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিরতির আগের মতোই পড়তে থাকে উইকেট। কামিন্স আর হেইজেলউডের ‘করিডোর অব আনসার্টেইন্টি’ ধরে করে যাওয়া একের পর এক ডেলিভারির কোনো জবাবই ছিল না ভারতীয় ব্যাটিংলাইন আপের কাছে। দলীয় ৩৬ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আহত হয়ে যখন শামি ফিরেছেন, ভারতের লিড তখন মোটে ৮৯ রানের। মজার বিষয়, ভারতের দ্বিতীয় ইনিংসে কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এমনকি অতিরিক্ত রানের খাতাও ছোয়নি দুই অঙ্ক। ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি।
স্বাগতিকদের ৯০ রানের লক্ষ্য নির্ধারণ করে দেওয়ার ম্যাচে রোমাঞ্চ জাগাতে হলে বুমরাহদের অতিমানবীয় কিছু একটা করে দেখাতে হতো। সেটা আর হয়নি। অনায়াসে লক্ষ্য তাড়া করেছেন অজি ব্যাটসম্যানরা। সিরিজের প্রথম ম্যাচটা ৮ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম পেইনের দল।