শুরু থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসটিকে ‘সামান্য ফ্লু’ বলে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। পরে নিজে আক্রান্ত হলেও মত বদলায়নি তার। বরং এখন ভ্যাকসিন নিয়েও আশ্চর্যজনক মতামত করে বসেছেন তিনি। তিনি দাবি করেছেন, করোনা ভ্যাকসিন মানুষকে কুমির বানিয়ে দিতে পারে। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় ছেলেরা মহিলা কণ্ঠে কথা বলবে আর মেয়েদের দাঁড়ি গজাবে। তাই নিজে তিনি কখনো এই ভ্যাকসিন নেবেন না বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার ব্রাজিলে কোভিড ভ্যাকসিন চালুর কথা ঘোষণা করে প্রেসিডেন্ট বলেন, ফাইজারের সঙ্গে চুক্তিতে বিষয়টি পরিষ্কার বলা হয়েছে যে তারা কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য দায়ী নয়। অর্থাত্ এর দায় তারা নেবে না। যদি কেউ কুমিরে রূপান্তরিত হয়ে যান, সেটা তার নিজের সমস্যা। কিংবা কেউ যদি অতিমানবে (সুপারহিউম্যান) পরিণত হন, কিংবা আরো কোনো উদ্ভট ঘটনা ঘটে যায়, তাতেও তাদের কিছু করার থাকবে না। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেও তিনি ঘোষণা করেন, টিকা নেওয়া ঐচ্ছিক। কারও জন্য বাধ্যতামূলক নয়। ব্রাজিলের সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে, করোনা ভ্যাকসিন উত্সাহিত করতে হবে, কিন্তু কারও ওপর জোর করা যাবে না। ব্রাজিলে এ পর্যন্ত অন্তত ৭১ লাখ আক্রান্ত এবং ১ লাখ ৮৫ হাজার মানুষ মারা গেছেন। গত বৃহস্পতিবার ১ হাজারের বেশি মানুষ মারা যায়, যা সেপ্টেম্বরের পর থেকে এক দিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।