গণফোরামে আর কোনো সমস্যা নেই, আমরা এক আছি :ড. কামাল

গণফোরামে সৃষ্ট সংকটের অবসান ঘটেছে বলে জানালেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে নিজের বাসায় দলের সিনিয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দলে আর কোনো সমস্যা নেই। আমরা সবাই এক আছি। আগামী ৯ জানুয়ারি আমরা আবার বসব, তখন সবকিছু তুলে ধরা হবে। ঐ বৈঠক থেকে দলের পরবর্তী ঐক্যবদ্ধ কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে।

গতকালের বৈঠকে মোস্তফা মহসিন মন্টু ছাড়াও উপস্থিত ছিলেন মোকাব্বির খান, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, আওম শফিকুল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ। তবে দলের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও সাবেক দুই কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সু্ব্রত চৌধুরী করোনা ভাইরাস সংক্রমণের কারণে আইসোলেশনে থাকায়        এ বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানান মন্টু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে দেশে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান। ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থ পাচারসহ দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এর থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, এখানে এ বিষয়ে কথা বলতে চাই না। ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। এটা (ভাঙচুর) ধর্মের অপব্যবহার ছাড় আর কিছু না। জাতিকে বিভক্ত করার জন্য এটা করা হচ্ছে।