বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে রাজনৈতিক মহামারি চলছে। কথা বলা যায় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে দেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দেশ চলতে পারে না। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড এলাকায় গতকাল শনিবার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের উদ্যোগে দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণের পাশে থেকে আমাদের আরো প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কারো জীবনের নিরাপত্তা নেই। কারো সন্তানের নিরাপত্তা নেই। যে কোনো সময় যে কেউ গুম হতে পারে, যে কোনো সময় যে কেউ বিচারবহির্ভূত হত্যা হতে পারে। একটা ছেলে মিছিল করলে তাকে পুলিশ গুলি করে হত্যা করবে, কেউ কিছুই বলবে না।
রিজভী বলেন, করোনা ভাইরাসে গোটা জাতি থর থর করে কাঁপছে। হাসপাতালে সিট নাই, অক্সিজেন নাই। আইসিইউতে সিট নাই। কারো যদি করোনা সন্দেহ হয়, সেটি টেস্ট করে রেজাল্ট বের করতে সময় লাগে ৪৮ ঘণ্টা। এর মধ্যে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়।