গরুবোঝাই ট্রাক থেকে বিপুল ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় গরুভর্তি একটি ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪-এর একটি দল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইউনুস হোসেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহূত ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া ইউনুস হোসেনের একটি মোবাইল ফোন ও ১২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দারুস সালাম থানা এলাকায় অভিযান চালায়। এ সময় গরু পরিবহনের একটি ট্রাকে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি মো. ইউনুস হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবত্ চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও প্রাইভেটকারে করে রাজধানীর মিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।