মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ’ (ইনসাব) আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক ও প্রেরণার উত্স। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপসহীন। নিজের জীবনের মায়া না করে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছেন।
গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে ইনসাবের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবুল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনসাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি হুমায়ুন কবির, সোহরাব হোসেন, যুগ্মসম্পাদক সাইদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, অর্থ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, দপ্তর সম্পাদক আজিজুর রহমান ও সংগঠনের নেতা আলী আজগর শেখ মধু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ আধুনিক বিশ্বের সব অবকাঠামোর নির্মাতা হলেন নির্মাণ শ্রমিকরা। বাংলাদেশের ৪০ লাখ নির্মাণ শ্রমিক এখনো শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কর্মস্থলে তাদের জীবনের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। দীর্ঘদিন থেকে নির্মাণ শ্রমিকরা পেনশন স্কিম ও রেশনিং চালুর দাবি করে আসলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।