বুয়েটের আবরার হত্যা

আদালত পরিবর্তনে ২২ আসামির আবেদনের শুনানি কাল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিযুক্ত ২২ আসামি। বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে এ আবেদন করেন আসামিরা। আবেদনের ওপর আংশিক শুনানি হয়েছে। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর পরবর্তী শুনানি হবে। শুনানির দিন ধার্যের বিষয়টি ইত্তেফাককে জানান রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি বলেন, এটা স্পর্শকাতর মামলা। শুনানিতে অ্যাটর্নি জেনারেল অংশ নেবেন।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। এরপর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযুক্ত ২৫ আসামি বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী। ইতিমধ্যে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই মামলায় রাষ্ট্রপক্ষে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।