মাস্ক না পরে সেলফি, প্রেসিডেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

মাস্ক না পরে সেলফি তোলায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে সাড়ে ৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। একটি সমুদ্রসৈকতে ভ্রমণের সময় এক নারীর সঙ্গে সেলফি তোলায় শুক্রবার এ জরিমানা করা হয়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, চলতি মাসের শুরুতে চিলির প্রেসিডেন্ট ঐ সমুদ্রসৈকতে ঘুরতে যান। সে সময় এক নারী আগ্রহ করে তার সঙ্গে সেলফি তোলেন। 

এর পর ওই নারী প্রেসিডেন্টের সঙ্গে তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে শুরু হয় সমালোচনা। 

চিলিতে জনসম্মুখে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। জনসমাগমস্থলে মাস্ক পরার ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হচ্ছে। 

তবে ভাগ্য ভালো জরিমানা দিয়েই পার পেয়ে গেলেন প্রেসিডেন্ট পিনেরা। অবশ্য মাস্ক ছাড়া সেলফি তোলার পরপরই তিনি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও তার শেষ রক্ষা হয়নি। জরিমানা অর্থ গুনতেই হলো তাকে। রয়টার্স  

ইত্তেফাক/এসআর