ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা দম্পতির ঘরে ছোট্ট অতিথি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে জেব্রা দম্পতি সুমন-সুমনার ঘরে এসেছে নতুন অতিথি। অবশ্য পার্কের বেষ্টনীতে সুমনের দ্বিতীয় ঘরণী আছে আরও একজন। তার নাম চম্পা। তবে এখনো চম্পার কোলে আসেনি কোনো অতিথি। শনিবার ভোরে পার্কের বেষ্টনীতে সুমন-সুমনা জন্ম দিয়েছেন একটি পুরুষ জেব্রা শাবক। এবার প্রথমবারের মতো ডুলাহাজারা সাফারি পার্কে জেব্রার পরিবারের শাবক জন্ম দেওয়ার ঘটনা ঘটল। নতুন অতিথিসহ বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল চারটি।

জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও শাবকটিকে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে। নতুন শাবকের আগমনে আনন্দিত পার্ক কর্তৃপক্ষও। 

ডুলা-হাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ আছে। শাবকটি অন্য জেব্রার সঙ্গে বেষ্টনীতে ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টির কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাদ্য ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভুষি দেওয়া হচ্ছে।

সাফারি পার্কের নিরাপত্তাকর্মী রাজিব কান্তি দে বলেন, মা ও শাবক নিবিড় পরিচর্যায় রয়েছে। একঘণ্টা পর পর মা ও শাবককে বেষ্টনীতে গিয়ে দেখাশোনা করা হচ্ছে। 

আরো পড়ুন: স্বপ্নগুলো পড়ে থাকলো রেললাইনের ওপরেই

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, বিজয়ে এই মাসে নতুন অতিথি জন্ম হওয়ায় তার নাম দেওয়া হয়েছে ‘চমক’। মা ও শবক ভালো আছে। নতুন শাবকের পাদচারণা পার্কে দর্শনার্থীদের আরো আনন্দ জোগাবে। 

ইত্তেফাক/এসি