সক্রিয় হচ্ছে সন্ত্রাসী গ্রুপগুলো!

চৌমুহনী পৌরসভা নির্বাচন

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠেছে। তাছাড়া বেগমগঞ্জের বিভিন্ন এলাকার সন্ত্রাসী বাহিনীগুলোর সদস্যদের চৌমুহনীতে আনাগোনা বেড়েছে। এতে এলাকাবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চৌমুহনী পৌর এলাকায় পূর্ব থেকেই বিভিন্ন সন্ত্রাসী বাহিনী সক্রিয়। খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ ও জায়গা দখল নিত্যদিনের ব্যাপার ছিল। বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন করার ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে। সন্ত্রাসীরা গা ঢাকা দেয়। সন্ত্রাসী গ্রুপগুলো কিছুদিন নীরব থাকার পর পৌর নির্বাচনকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে। জনপ্রতিনিধি ও বাসিন্দাদের কাছ থেকে আরো জানা যায়, চৌমুহনী পৌর হাজীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক গ্রুপের মধ্যে এর আগে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। শহরের গোলাবাড়িয়ায় রয়েছে এক গ্রুপের কিছু প্রভাবশালী সদস্য। শহরের করিমপুর এলাকায়ও রয়েছে একাধিক গ্রুপ। চৌমুহনী শহরের তিন কিলোমিটার পূর্বদিকে লক্ষ্মীনারায়ণপুর (দোকানঘর) নামক স্থানে রয়েছে কিশোর গ্যাং। বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন ও আশপাশে রয়েছে দুর্বৃত্তরা। নির্বাচনে সন্ত্রাসীদের বিশেষ ভূমিকা থাকবে এ আশঙ্কায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, নির্বাচন সুষ্ঠু করতে বিন্দুমাত্র ঘাটতি রাখা হবে না। বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, যে সব দণ্ডাদেশপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত বা কোনো মামলার আসামি রয়েছে তাদের গ্রেফতার করতে অভিযান চালানো হবে। যাতে নির্বাচনকালীন কোনো প্রকার আইনশৃঙ্খলায় বিঘ্ন না ঘটে। পুলিশ প্রশাসন এ ব্যাপারে সক্রিয় রয়েছে। উল্লেখ্য, চৌমুহনী পৌরসভা নির্বাচন ২০২১ সালের ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।