রাজশাহীতে বাড়ছে চাল ও তেলের দাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে চাল ও তেলের দাম। রবিবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। রাজশাহীর বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৮ টাকা। আর খোলা তেলের দাম বেড়েছে ১০ টাকা। বাজার ঘুরে দেখা যায়, আগে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম ছিল লিটারপ্রতি ১০০ টাকা করে। তবে এখন সেই দাম বেড়ে হয়েছে ১১৮ টাকা। খোলা তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। এদিকে, তেলের পাশাপাশি দাম বেড়েছে বিভিন্ন চালেরও। কোনো কোনো চাল কেজিপ্রতি দুই থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আটাশ ও মিনিকেট চালের দাম কেজিপ্রতি চার টাকা করে বেড়ে হয়েছে ৫৪ টাকা এবং ৫৮ টাকা। আতপ চালের দাম বেড়েছে কেজিপ্রতি দুই টাকা করে। মোটা আতপ চাল এখন ৫০ টাকা এবং কাটারি আতপ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাসমতি এবং জিরাশাল চালের দাম বেড়েছে কেজিপ্রতি দুই টাকা করে। বাসমতি ৬০ টাকা এবং জিরাশাল ৫৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমনের মৌসুম শেষ না হতেই চালের দাম বাড়ায় ক্রেতারা বিপাকে পড়েছেন।

মহানগরীর চাল ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। পাইকারী বাজারে দাম কমলে খুচরা বাজারেও দাম কমে যাবে। বাজার করতে গিয়ে ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘সবজি, চাল, তেলসহ অনেক কিছুই কিনলাম। সবজির দাম অনেক বেশি ছিল, সেটা কমেছে। চাল আর তেলের দাম বেড়েছে।’