শায়েস্তাগঞ্জে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিক্রির ধুম পড়েছে। উপজেলার শহর ও গ্রামে এরই মধ্যে নতুন পুরোনো শীতবস্ত্র বিক্রির হিড়িক পড়ে গেছে। উপজেলার সুতাং বাজার, আলীগঞ্জ বাজার, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মার্কেট, ফুটপাথ, পুরানবাজার ও শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকা ঘুরে দেখা যায়, সন্ধ্যা নেমে এলেই শীতবস্ত্রের দোকানে ও ফুটপাথের দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। যে যার মতো করে কিনে নিচ্ছেন শীত নিবারণের বস্ত্র। ইদানীং ফুটপাথের দোকানগুলোতে নিম্নআয়ের ক্রেতার পাশাপাশি মধ্যবিত্তদেরও দেখা যাচ্ছে।

শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকায় অস্থায়ী দোকানে শীতবস্ত্র কিনতে আসা মকবলি মিয়া জানান, অন্যান্য বছরের চেয়ে এবার পুরোনো শীতের কাপড়ের দাম একটু কম। তাই তিনি কয়েকটি কিনতে পেরেছেন। শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন দাউদনগর বাজারের ‘কে আলী প্লাজা’ মার্কেটের ক্রেতা গৃহবধূ মর্জিনা খাতুন বলেন, মার্কেটে এখন শীতকালে ব্যবহারের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। রকমারি ডিজাইনের দৃষ্টিনন্দন শীতের কাপড় সাজানো রয়েছে দোকানগুলোতে। মূল্যও নাগালের মধ্যে, তাই তিনি শীতের কাপড়ই কিনেছেন।

শায়েস্তাগঞ্জ পুরানবাজার নতুনব্রিজ এলাকার গোলচত্বরে প্রতিদিন সান্ধ্যকালীন বাজার বসে। সেখানে রকমারি খাবারের দোকানের পাশাপাশি নতুন-পুরোনো পোশাক বিক্রির দোকানও বসে। বাবুল, শহীদ ও নিখীলসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লোক সমাগম কিছুটা কম, তাই পছন্দমতো সাশ্রয়ী মূল্যে শীতবস্ত্র কিনতে পারছেন। সান্ধ্যকালীন বাজারের পোশাকবিক্রেতা জামাল আহমদ বলেন, করোনাকালীন ব্যবসা খুব ভালো না, তবে কিছুদিন থেকে এলাকায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বিক্রিও বেড়েছে।