কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মেঘনার চাঞ্চল্যকর ওষুধ ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন হত্যা মামলার আসামি ফয়সাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঢাকার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মেঘনা উপজেলার শিবনগর গ্রামের মো. হাফেজ আহম্মেদের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মেঘনা থানার এসআই নাজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সানারপাড়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম মহিউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ফয়সাল মিয়া পালানোর চেষ্টা করে। এ সময় তাকে একটি মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।