কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষ (অষ্টম সেমিস্টার) চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থী ও হল পরিদর্শকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে মেডিক্যাল পরিচালনা কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

নির্দেশনাগুলো হলো—প্রত্যেক পরীক্ষার্থী ক্যাম্পাসে এসেই প্রথমে মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। সেখানে তাদের শরীরের তাপমাত্রা ও কোভিড-১৯ এর প্রাথমিক লক্ষণসমূহ পরীক্ষা করা হবে। পরীক্ষার্থীদের দুই দফা হাত স্যানিটাইজ করতে হবে। প্রথম দফায় পরিবহন থেকে নেমে মেডিক্যাল সেন্টারে ও দ্বিতীয় দফায় পরীক্ষার হলে প্রবেশের আগে ও পরে। পরীক্ষার্থী, পরিদর্শকসহ পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকেই ফেস মাস্ক ব্যবহার করতে হবে। পরীক্ষার হলগুলো স্প্রে মেশিনের সহায়তায় স্যানিটাইজ করার ব্যবস্থা নেবে মেডিক্যাল সেন্টার কর্তৃপক্ষ। পরীক্ষার আগে কোনো পরীক্ষার্থীর করোনা সন্দেহযুক্ত প্রাথমিক লক্ষণ পাওয়া গেলে তার জন্য পৃথক হলে পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেসব হলের দায়িত্বে এক জন ডাক্তার কিংবা নার্স নিয়োজিত থাকবেন, যারা হল পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।