লোহাগড়ায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরা ডিঙি নৌকাডুবির ঘটনায় রাধাকান্ত দাস (৫৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন নৌকায় থাকা আরো দুই জেলে। আহত সাগর দাসকে (২৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তত্পরতা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে খুলনা থেকে একটি ডুবুরি দল সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, বালুবাহী জাহাজটি আটকের চেষ্টা চলছে।