বেড়েছে লেনদেন সূচকে বড় পতন

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। এ টানা পতনের আগে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মূল্য সূচকের পতনের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির দাম কমেছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবসের পতনে ডিএসইর প্রধান সূচক কমল ৭২ পয়েন্ট। এ পতনের আগে টানা চার কার্যদিবসের উত্থানে সূচকটি বেড়ে ছিল ৭৭ পয়েন্ট। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৯৪ পয়েন্টে নেমে গেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২১৩টি এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭০৫ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ২৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো শেয়ার। কোম্পানিটির ৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৩ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইনসিওরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫০টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।