অক্সিজেন সরবরাহে আরো বিকল্প প্রতিষ্ঠান প্রয়োজন

দেশে একমাত্র তরল অক্সিজেন উত্পাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের দুটো প্ল্যান্টই বিকল, ফলে দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহে ঘাটতির উদ্বেগ বাড়ছে। প্রতিষ্ঠানটি আপাতত সরকারি-বেসরকারি সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করছে ভারত থেকে অক্সিজেন আমদানি করে। কোম্পানিটির প্ল্যান্ট দুটি কবে নাগাদ ঠিক হতে পারে এ নিয়ে নেই কোনো আশাবাদ। অক্সিজেননির্ভরতা আমাদের দেশের স্বাস্থ্যখাতে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে যে কোনো সময়। ফলে অক্সিজেনের অব্যাহত সরবরাহে বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এখনই।

বেসরকারিখাতের দেশীয় বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে নতুন অক্সিজেন প্ল্য­ান্ট স্থাপনে, এক্ষেত্রে সরকার দিতে পারে আর্থিক ও অন্যান্য প্রণোদনা। কেবল মুনাফা আর প্রতিযোগিতার প্রশ্ন নয়—এখানে মানুষের জীবন-মরণের প্রশ্ন জড়িত। করোনার সেকেন্ড ওয়েবে বাংলাদেশ। এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহের বিষয়টিকে অতীব গুরুত্বের সঙ্গে দেখতেই হবে।

রাকিবুল হাসান রাসেল

মহাখালী, ঢাকা