করোনায় মারা গেলেন কবি মনজুরে মওলা

ইত্তেফাক রিপোর্ট

প্রখ্যাত কবি, রবীন্দ্র-গবেষক, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ও ফেলো মনজুরে মওলা আর নেই। গতকাল রবিবার করোনা আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। গত ১ অক্টোবরে ৮০ বছর পূর্ণ করেন তিনি। ভুগছিলেন নানা বার্ধক্যজনিত শারীরিক জটিলতায়। করোনা আক্রান্ত হয়ে তিনি ও তার স্ত্রী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। কবি মনজুরে মওলাকে গতকাল বাদ আসর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

মনজুরে মওলা বাংলাদেশের সাহিত্য-জগতে এক অনন্য নাম। নিজস্বতা-চিহ্নিত কবিতা এবং শিল্পসুষমাময় গদ্য রচনা করে তিনি তার স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন। রবীন্দ্রনাথের বিচিত্র বিষয় নিয়ে ব্যতিক্রমী গবেষণাকর্ম একজন অনন্য সাধারণ রবীন্দ্র-গবেষক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। তার সাহিত্যকৃতির মধ্যে আরো উল্লেখযোগ্য কবি টিএস এলিয়ট সম্পর্কে উচ্চতর গবেষণা।

পেশাজীবনে ছিলেন সরকারি আমলা। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। মনজুরে মওলা গত শতকের আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। বাংলা একাডেমিতে তার তিন বছরের কার্যকালেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা, যা আজ বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উত্সব। তার বর্ণাঢ্য কর্মজীবনের বিশিষ্ট অধ্যায়—বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে তিন বছরের মেয়াদকালে তিনি ঐতিহাসিক বর্ধমান হাউজ সংস্কার, অমর একুশে গ্রন্থমেলার প্রবর্তক ও একুশে বক্তৃতা চালু, শহিদ বুদ্ধিজীবী স্মৃতি প্রদর্শনী আয়োজন, শহিদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ ও স্মারকগ্রন্থ প্রকাশ মাধ্যমে বাংলা একাডেমির ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।