ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনসংখ্যার সিংহভাগ তরুণ প্রজন্মই উন্মোচন করবে সম্ভাবনার নবদিগন্ত। বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করে বিজয় দিবসের প্রত্যয় হোক কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে তরুণ প্রজন্মই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ৫০তম বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউকে’ আয়োজিত ‘বাংলাদেশ এট ফিফটি :এ জার্নি টু ওয়ার্ডস প্রসপারিটি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারির মধ্যেও অর্জিত হয়েছে ৫.২ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি যা পূর্ববর্তী সময়ের চেয়ে কম হলেও পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আশাতীত।
বুলবুল হাসানের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে সাদেকা হালিম, শামীম আজাদ, আসিফ মুনীর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, এনাম হক, আনোয়ার খান ও মোহাম্মদ বজলুর রহমান বক্তব্য রাখেন।