ইত্তেফাক রিপোর্ট
সীমান্তের জনগণকে সচেতন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে সীমান্ত হত্যা কমতে পারে বলে মনে করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বিজিবি দিবস-২০২০ উপলক্ষ্যে রবিবার পিলখানায় স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরবে’ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘এ বিষয়ে কূটনৈতিকভাবে এবং বিজিবির পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। সেজন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টাও অব্যাহত রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য তাদের বলা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সীমান্তবর্তী জনগণকে শিক্ষা-দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করা যায়, তাহলে সীমান্ত হত্যা কমে যাবে।’
বিজিবি দিবস উদ্যাপন উপলক্ষ্যে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে বিজিবি মহাপরিচালক গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সহিংসতায় মৃত্যু হয়েছে অন্তত ৪২ বাংলাদেশির।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা
তারাবো পৌরসভা নির্বাচন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল রবিবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মতিউর রহমানের হাতে এ মনোনয়নপত্র জমা দেন।