স্পোর্টস রিপোর্টার
ফুটবল খেলোয়াড় দলবদলের নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য সব দল খেলোয়াড় রেজিস্ট্রেশন করলেও দুই দিন পর খেলোয়াড় তালিকা জমা দেয় ব্রাদার্স ইউনিয়ন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করে বাফুফে সেটি পাঠিয়ে দেয় প্লেয়ারর্স স্ট্যাটাস কমিটির কাছে। নিয়ম অনুসরণ করলে ব্রাদার্সকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু নানা বিবেচনায় ব্রাদার্সকে আপাতত ফেডারেশন কাপে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। আর লিগে খেলতে পারবে কিনা, সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রাদার্স ফেডকাপের ফরমও পূরণ করেনি। নতুন করে পূরণ করিয়ে আনে বাফুফে। গতকাল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান আকতার হোসেন ব্রাদার্সকে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে খেলার অনুমতি দিয়েছেন।
প্রিমিয়ার লিগে খেলতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত হয়নি। বাফুফে বলছে সেটি বাফুফের নির্বাহী কমিটির টেবিলে ছেড়ে দেওয়া হয়েছে।
ব্রাদার্স পুরো দেড় মাস সময় পেয়েও খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারেনি। অর্থসংকটের কথা বলা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, মূলত সাংগঠনিক সংকটের কারণেই এমনটা হয়েছে। তবে ব্রাদার্স ধরে নিচ্ছে প্রিমিয়ার লিগে খেলতেও কোনো সমস্যা হবে না। তবে কর্মকর্তারা হয়তো বুঝতে পারছেন নিজেদের অদূরদর্শিতায় ঐতিয্যবাহী ব্রাদার্সের ইমেজ ক্ষুণ্ন হয়েছে।