মুক্তিযোদ্ধার পাশে জাপানি প্রতিষ্ঠান

স্পোর্টস রিপোর্টার

সংকটে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ফেডারেশন কাপ ফুটবলের জন্য সাড়ে ৮ লাখ টাকার একটি সহায়তা পেয়েছে। দলের ম্যানেজার আরিফুল ইসলাম জানিয়েছেন, ‘জাপানি একটি ডেভেলপার প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এউইং তাগুচি কোম্পানি নামে বাংলাদেশের চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তারা ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধাকে ১০ হাজার ডলার দিয়েছে।’ মুক্তিযোদ্ধা দল গঠন করা যাচ্ছিল না। কেউ এগিয়ে আসছিল না বলে দলের জাপানি ফুটবলার ইউসুকো কাতো আর্থিক সহায়তা দেওয়ার জন্য তার ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন গত ১০ ডিসেম্বর। সেটা দেখে সাড়া দিয়েছে জাপানি প্রতিষ্ঠান।

আরিফুল ইসলাম জানালেন, তিনি খেলোয়াড়দের ২০ হাজার টাকা করে দিবেন। যেন তারা বুট কিনতে পারে। এরই মধ্যে জার্সি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের মন্ত্রী মহোদয় চেষ্টা করছেন। ভালো খবর পেয়ে যাব।’