বরিশালে জুয়েলারির দোকানে চুরির ঘটনায় ১০ জন গ্রেফতার

আংশিক মালামাল উদ্ধার

 বরিশাল অফিস

বরিশালে আট মাস আগে সংঘটিত একটি জুয়েলারির দোকানে চুরির রহস্য উদ্ঘাটন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বরিশাল, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা ৯ দিন অভিযান চালিয়ে ঐ চুরির সঙ্গে জড়িত আট জন এবং চোরাই স্বর্ণালংকার কেনার অভিযোগে দুই জুয়েলারি মালিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, চুরির রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করেছে। দেরিতে হলেও জুয়েলারি চুরির রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেফতার করায় তদন্ত কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মো. সালেহ, অভিযানে নেতৃত্বদানকারী বিএমপির কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ মার্চ নগরীর কাঠপট্টি এলাকায় আশরাফ অ্যান্ড সন্স নামে একটি জুয়েলারি বন্ধ করে দুপুরের খাবার খেতে যান মালিক বাচ্চু মিয়া। এ সময় সংঘবদ্ধ চক্র ব্যস্ততম রাস্তার পাশে লুঙ্গি এবং বিছানার চাদর মেলে ধরে তালা কেটে ভেতরে ঢুকে মাত্র ৭ মিনিটের মধ্যে ১২৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় চট্টগ্রামের একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে মো. লিটন নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বরিশাল, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে এই চক্রের আরো সাত সদস্য সুমন, অলি, জামাল, আলাউদ্দিন, হাসান, নয়ন ও জসিম ওরফে জনি এবং স্বর্ণালংকার কেনার অভিযোগে চট্টগ্রামের বউবাজার এলাকার স্বর্ণা জুয়েলার্সের মালিক পবন রায় ও শিফা জুয়েলার্সের মালিক আলম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।