নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা এর পতাকা উত্তোলন অনুষ্ঠান গতকাল রবিবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকশ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করে। পরে সেনাবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা এর পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান তার দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার একক নেতৃত্বে সূচিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম। একই সঙ্গে তিনি স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গকারী সব বীর মুক্তিযোদ্ধাদের। তিনি দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারিত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে উন্নতমানের দন্ত সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন। শেষে সেনাবাহিনী প্রধান পতাকা উত্তোলন উপলক্ষ্যে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মহান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক ইচ্ছায় এবং প্রত্যক্ষ দিকনির্দেশনায় ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে চার জন ডেন্টাল সার্জনের সমন্বয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। পরবর্তীকালে দক্ষ জনবলের অভাব এবং প্রশাসনিক কারণে মিলিটারি ডেন্টাল সেন্টারসমূহকে সিএমএইচয়ের ডেন্টাল উইং হিসেবে একীভূত করা হয়। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়। পরে সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় আর্মি ডেন্টাল কোরের পতাকা অনুমোদিত হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা এর পতাকা উত্তোলন অনুষ্ঠান। সদর দপ্তর লজিস্টিক্স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ও বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।—আইএসপিআর