রাজশাহীতে তাসনিম সিমরান (২০) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত সিমরান রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর মা রাতেই বোয়ালিয়া থানায় মামলা করেছেন। হামলায় অভিযুক্ত নারী টিকাপাড়ার মিরেরচকের বাসিন্দা ঝর্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
সিমরান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে।
ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বলেন, ঝর্না শনিবার আমাদের বাড়িতে আসে। তখন তিনি রান্না করছিলেন। এ সময় মেয়ে সিমরান বান্ধবীর সঙ্গে দেখা করতে ঘরের দরজার তালা খুলে বাইরে বের হচ্ছিল। হঠাত্ দেখি ঝর্না তার মেয়ের মাথার চুল ধরে বঁটি দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করে। সিমরানের চিত্কারে ঝর্না দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।
নগরীর বোয়ালিয়া থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর ঝর্নাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝর্নার ভ্যানিটিব্যাগ থেকে হামলায় ব্যবহূত বঁটিসহ একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। কী কারণে সে হামলা চালিয়েছে, তা জানা যায়নি।